গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ৮:৫২:৪১ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর–১ আসনের সব সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান শনিবার গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সুজন – সুশাসনের জন্য নাগরিক (উপজেলা শাখা)–এর আয়োজনে এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন, জামায়াতের প্রার্থী রায়হান সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ–এর প্রার্থী মো. আনাস এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)–এর প্রার্থী আহসানুল আরেফিন।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা সুজন কমিটির সভাপতি অধ্যক্ষ নূরন নবী শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে প্রার্থীরা নিজেদের প্রত্যাশা তুলে ধরেন, জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।
অঙ্গীকারনামায় প্রার্থীরা বলেন, নির্বাচিত হলে তারা এলাকায় দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক শাসনব্যবস্থা গড়ে তুলবেন; দায়িত্ব পালনে স্বজনপ্রীতি ও দলীয়করণকে প্রশ্রয় দেবেন না। পাশাপাশি তারা ঘোষণা দেন—পরাজিত হলে গণরায় মেনে নেবেন এবং বিজয়ী প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করবেন। অনুষ্ঠানে বিজয়ী ও পরাজিত প্রার্থীরা পরস্পরকে আলিঙ্গনের মাধ্যমে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত জনগণ শপথবাক্য পাঠ করেন—যোগ্য প্রার্থীকে ভোট দেবেন এবং কালো টাকার বিনিময়ে ভোট দেবেন না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ ফকরুল আনাম বেঞ্জু, সাধারণ সম্পাদক নাছিমা আমিন এবং আব্দুল আখের মিঞা, প্রধান শিক্ষক, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মহানগর সুজনের সাধারণ সম্পাদক গোলাম সাজ্জাদ স্বাধীন। সার্বিক সহযোগিতা করেন উপজেলা সুজনের সদস্য সুজন আহম্মেদ, খাদেমুল ইসলাম ইমন, ইয়ুথ প্রতিনিধি মেহজাবীন মৌ, সাংবাদিকবৃন্দ এবং দি হাঙ্গার প্রজেক্ট–এর এরিয়া কো-অর্ডিনেটর মো. শামসুদ্দিন।




















