তানভীর সরদার, স্টাফ রিপোর্টার ১ ডিসেম্বর ২০২৫ , ২:০৩:১৩ প্রিন্ট সংস্করণ
রবি মৌসুমের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ২,৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
২০২৫–২৬ অর্থবছরের রবি মৌসুমে সরকার কর্তৃক কৃষক প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো উফশী ও হাইব্রিড ধানের চাষাবাদ উৎসাহিত করতে এই কর্মসূচি কার্যকর করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূর–এ–নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলামসহ উপজেলা কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা।
কৃষি অফিস সূত্র জানায়, মোট ২,৫০০ কৃষকের মধ্যে ২,০০০ জনকে জনপ্রতি ৫ কেজি বোরো (উফশী) ধানের বীজ এবং বাকি ৫০০ জনকে জনপ্রতি ২ কেজি হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়েছে।
এ ছাড়া প্রত্যেক কৃষককে ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার সরবরাহ করা হয়। সব মিলিয়ে প্রায় ১১ মেট্রিক টন ধানের বীজ ও ৪০ মেট্রিক টন সার বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নূর–এ–নবী জানান, “রবি মৌসুমে উচ্চফলনশীল ও হাইব্রিড ধানের আবাদ বৃদ্ধি এবং উৎপাদন খরচ কমাতে সরকার নিয়মিতভাবে কৃষকদের প্রণোদনা দিয়ে যাচ্ছে। এই সহায়তা ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় উপস্থিত কৃষকরা সরকারের এ সহায়তায় সন্তোষ প্রকাশ করেন এবং সময়মতো বীজ ও সার পাওয়ায় আগাম মৌসুমে চাষের কাজে উৎসাহিত হচ্ছেন বলে জানান।





















