ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ৮ আগস্ট ২০২৬ , ১:৩৫:৫৮ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কুশানগর গ্রামে আদালতের ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও এক ওমানপ্রবাসীর জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় শামছুল হকসহ কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ওমানপ্রবাসী খোকন মিয়ার স্ত্রী মোছা. আঞ্জুমানারা খাতুন (৩৬) শুক্রবার ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্র ও সরেজমিনে জানা যায়, কুশানগর গ্রামের খোকন মিয়ার ক্রয়কৃত সাব-কবলা সম্পত্তি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধ চলছে। ওই জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন জমিটি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন আঞ্জুমানারা খাতুন।
অভিযোগে বলা হয়, জমি দখলের চেষ্টায় বাধা দিলে তাঁকে ও তাঁর স্বজনদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।
ওমান থেকে মুঠোফোনে খোকন মিয়া বলেন, ‘দেশে আমার স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে। বর্তমানে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। একটি প্রভাবশালী চক্র কোনো কাগজপত্র ছাড়াই আমাদের জমি দখলের চেষ্টা করছে। এ ঘটনায় আমি প্রশাসনের হস্তক্ষেপ ও পরিবারের নিরাপত্তা চাই।’
খোকন মিয়ার স্ত্রী আঞ্জুমানারা খাতুন বলেন, ‘আমার স্বামী প্রবাসে থাকেন। আমি মেয়েকে নিয়ে বাড়িতে থাকি। আমাদের ক্রয়কৃত সাব-কবলা সম্পত্তি শামছুল হক (৫২), আশ্রাব আলী (৫৮) ও হালিমা খাতুন (৫৫) গং জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। তাঁরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
অভিযোগের বিষয়ে শামছুল হক ও আশ্রাব আলীর বক্তব্য জানতে তাঁদের বাড়িতে গেলে সংবাদকর্মীদের উপস্থিতির কথা জানতে পেরে তাঁরা বাড়ির পেছনের দরজা দিয়ে চলে যান বলে অভিযোগকারীরা জানান। পরে তাঁদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’





















