এম. আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ১৫ নভেম্বর ২০২৫ , ৬:৩৫:৩০ প্রিন্ট সংস্করণ
যশোরের অগোছালো ঝিকরগাছা উপজেলা প্রশাসনকে সুশৃঙ্খল, জনবান্ধব ও উন্নয়নমুখী করে তুলতে যে অসাধারণ ভূমিকা রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভূপালী সরকার, তা আজও উপজেলাবাসীর হৃদয়ে অম্লান হয়ে আছে। মাত্র চৌদ্দ মাসের দায়িত্ব পালনেই তিনি একজন সৎ, নিরপেক্ষ, মানবিক ও দক্ষ প্রশাসক হিসেবে নিজেদের প্রিয় মানুষে পরিণত করেন।
স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল নজরকাড়া। দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং সময়ানুবর্তা—তিনটি গুণের সমন্বয়ে অগোছালো উপজেলা পরিষদকে তিনি রূপ দেন সাজানো-গোছানো, দৃষ্টিনন্দন ও কর্মক্ষম এক মডেল প্রশাসনে।
ভূপালী সরকার শুধু একজন কর্মকর্তা নন—তিনি হয়ে উঠেছিলেন ‘মানুষের ইউএনও’। রাতদিন পরোয়া না করে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায় মানুষের সেবায় বাধা হয়ে দাঁড়ানো যেকোনো নির্দেশনা বা সীমাবদ্ধতাকে অনেক সময় মানবিকতার তাগিদে উপেক্ষা করেছেন।
সময়সূচি মেনে চলার বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত কঠোর, যা স্থানীয় প্রশাসনের মধ্যে নতুন উদাহরণ সৃষ্টি করে।
তার সততা, ন্যায়পরায়ণতা ও উন্নয়নমুখী কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে বদলি প্রত্যাহারের দাবিতে ঝিকরগাছায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন—যা ঝিকরগাছার ইতিহাসে প্রথম কোনো সরকারি কর্মকর্তার বদলি ঠেকাতে আয়োজিত মানববন্ধন।
ভূপালী সরকারের জন্ম সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে। বাবা নিমাই সরকার কৃষক এবং মা প্রমীলা সরকার গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে তিনি বড়।
২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ২০১২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে জনতা ব্যাংকে নির্বাহী কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করেন।
৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব পালন করেন জয়পুরহাট জেলা প্রশাসনে আইসিটি, এলএও ও আরডিসি শাখায়। এরপর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), চুয়াডাঙ্গা জেলা প্রশাসনে এলএও ও আরডিসি এবং খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কাজ করেন।
২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তিনি ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দিয়ে খুব অল্প সময়েই ‘মডেল প্রশাসক’ হিসেবে পরিচিতি পান।
তার স্বামী তপন কুমার সরকার একজন কলেজ শিক্ষক এবং তিনি দুই পুত্র সন্তানের জননী।
সম্প্রতি রোববার (০৯ নভেম্বর) দায়িত্ব হস্তান্তর করে যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেছেন ভূপালী সরকার।




















