বিনোদন

গাজীপুরের মেলায় জনপ্রিয় গায়িকা ঐশী অবরুদ্ধ, ব্যক্তিগত গাড়ি ভাঙচুর

  বিনোদন প্রতিবেদক ২৩ নভেম্বর ২০২৫ , ১২:৫১:১৬ প্রিন্ট সংস্করণ

গাজীপুরে কুটির শিল্প ও বাণিজ্য মেলায় গান গাইতে এসে অবরুদ্ধ হয়ে পড়েন জনপ্রিয় গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী। এসময় দুর্বৃত্তরা তার ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর চালায়। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেলায় সিগারেটের দাম নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শুরু হয় ভাঙচুর। এতে স্টেজে থাকা শিল্পী ঐশী ও তার দলের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অবরুদ্ধ অবস্থায় পড়ে যান।

পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে মেলা কমিটির সদস্যরা দ্রুত এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় মই ব্যবহার করে দেয়াল টপকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় ঐশীকে। পরে আয়োজকদের সহায়তায় কনসার্টস্থল ত্যাগ করেন তিনি।

ঘটনার পর দর্শনার্থী ও এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেলায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।