জাতীয়

ওসমান হাদির ওপর হামলা: হামলাকারীরা ভারতে পালিয়েছে—এমন তথ্য নেই পুলিশের কাছে

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫ , ৩:১৪:১৫ প্রিন্ট সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন—এমন কোনো তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৪ ডিসেম্বর) ডিএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, “টার্গেট কিলিংয়ের কোনো সম্ভাবনা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।”

তিনি আরও জানান, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। নাম্বার প্লেটের সূত্র ধরে পল্টন থানা পুলিশ মধ্যরাতে তাকে আটক করে। তবে হামলায় সরাসরি অংশ নেওয়া দুই শুটার এখনও পলাতক।

পুলিশের ভাষ্যমতে, হামলাকারীরা বিদেশে পালিয়ে গেছে কি না—এ সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য তাদের কাছে নেই।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে দাবি করেছেন, অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন ১২ ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছে। বর্তমানে তারা আসামের গুয়াহাটি শহরে অবস্থান করছে বলে তিনি উল্লেখ করেন।

পোস্টে আরও বলা হয়, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। তার তত্ত্বাবধানেই অভিযুক্তরা ভারতে অবস্থান করছে বলে দাবি করা হয়।

জুলকারনাইন সায়ের আরও দাবি করেন, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে হামলাটি অত্যন্ত পরিকল্পিত ছিল এবং একই কায়দায় আরও কয়েকটি হামলার চেষ্টা চলছে—যা উদ্বেগজনক।

তবে এসব অভিযোগ ও তথ্যের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চয়তা দেয়নি।

আরও খবর

Sponsered content