সারাদেশ

চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে তাহরিমা জান্নাত সুরভী গ্রেপ্তার

  মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর: ২৫ ডিসেম্বর ২০২৫ , ১০:২৮:৩৮ প্রিন্ট সংস্করণ


গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি তাহরিমা জান্নাত সুরভী (২১) গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের সময় তিনি নিজেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী ও সমন্বয়ক হিসেবে পরিচয় দিচ্ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুরভী ওই এলাকার সেলিম মিয়ার কন্যা।

কালিয়াকৈর থানায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মামলাটি দায়ের করেন নাইমুর রহমান দুর্জয়। মামলার অভিযোগে উল্লেখ রয়েছে চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিং-এর মতো গুরুতর অপরাধের।

পুলিশ আরও জানায়, সুরভীর বিরুদ্ধে বর্তমান সরকারের একজন উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও রয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত তাহরিমা জান্নাত সুরভীকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

আরও খবর

Sponsered content