মেহেরপুর প্রতিনিধি : ২৯ ডিসেম্বর ২০২৫ , ১২:৩৪:০৪ প্রিন্ট সংস্করণ
মেহেরপুরে সচেতন ছাত্রসমাজের উদ্যোগে হাদী হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩টায় মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা নিহত হাদীর ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্রকাশ করে, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন বক্তারা।
বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা খন্দকার মুইজ উদ্দিন, ইব্রাহিম হোসেন, হাসনাত জামান সৈকত, শেখ শাপলা খাতুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. মুজাহিদুল ইসলাম এবং মারুফ হাসানসহ ছাত্রজনতার অন্যান্য প্রতিনিধিরা।
সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে হাদী হত্যার বিচার এবং নিরাপদ সমাজ গঠনের দাবি জানান। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ কর্মসূচি শেষে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে সমাবেশ শেষ হয়।




















