ঢাকা, নিজস্ব প্রতিবেদক: ২৬ জানুয়ারি ২০২৬ , ১:০২:৩৩ প্রিন্ট সংস্করণ
রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি সংবাদমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া চলে গেছেন এবং জাতীয় নির্বাচনের পর দেশে ফিরবেন। তবে সোমবার সকাল ১১টায় মিরপুরের বিসিবি কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নিজেই সেই গুঞ্জন পুরোপুরি নাকচ করে দেন। বিসিবির কর্মকর্তা ও উপস্থিত সাংবাদিকরা তার অফিসে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে দেশের ক্রিকেট কঠিন সময় পার করছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারায় দল ও বোর্ডের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে। এর মধ্যেই বিপিএলে এক পরিচালককে ঘিরে ফিক্সিংয়ের অভিযোগ এবং কয়েকজন পরিচালকের সম্ভাব্য পদত্যাগ—সব মিলিয়ে বোর্ডের পরিস্থিতি বেশ টালমাটাল। এমন সময় সভাপতির বিদেশযাত্রার গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে।
রোববার বিকেলে এ বিষয়ে সংবাদ প্রকাশ হলে বুলবুল তা সরাসরি অস্বীকার করেন। তিনি বলেন, “আমি সারাদিন অফিসে কাজ করেছি, ইনশাআল্লাহ কালকেও কাজ করব। এখন অনেক কাজের চাপ। পরিবারের কাছে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না।”
তবে ওই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিমানবন্দর সূত্রের বরাতে কিছু গণমাধ্যম জানায়, তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। সাধারণত তিনি দুই সপ্তাহের জন্য সেখানে যান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমনকি জাতীয় নির্বাচন শেষে তার দেশে ফেরা নিয়েও অনিশ্চয়তার কথা বলা হয়।
সবশেষে সোমবার সকালে নিজে মিরপুরে উপস্থিত হয়ে তিনি এসব গুঞ্জনের অবসান ঘটান।




















