প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২৬ , ১১:০২:৫০ প্রিন্ট সংস্করণ
গ্রিসের ত্রিকালা শহরের কাছে একটি বিস্কুট কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আর একজন নিখোঁজ রয়েছেন।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে প্রকাশিৎ গ্রীক সম্প্রদায়ের সংবাদপত্রের প্রতিবেদনে আজ মঙ্গলবার বলা হয়েছে, গতকাল সোমবার ভোর রাতে ‘ভিওলান্তা’ নামের ওই কারখানায় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। ওই সময় রাতের শিফটের শ্রমিকরা ভেতরে অবস্থান করছিলেন।
প্রথম পর্যায়ে ৪ জন কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ পাওয়া যায়।
নিহতরা সবাই কারখানার কর্মী এবং অধিকাংশই নারী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে গ্রিসের বৃহত্তম শ্রমিক ইউনিয়ন জিএসইই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।
আরও জানা যায়, এ ঘটনায় ৭জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন দমকল কর্মীও রয়েছেন। আহতদের গ্রিসের ত্রিকালার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।
গ্রিক ফায়ার সার্ভিসের বরাতে দেশটির সংবাদমাধ্যমগুলো জানায়, আগুন নেভাতে দীর্ঘ সময় লাগে এবং উদ্ধার কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে গ্যাস লিক বা যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।




















