নাজমুল হক মনি , নরসিংদী ৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:০১:২৮ প্রিন্ট সংস্করণ
রায়পুরা উপজেলায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। তাঁর স্ত্রী মমতাজ বেগম স্থানীয় চরমধুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য (ইউপি সদস্য)।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। গাজিপুরা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত পেছন থেকে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১০টার দিকে তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মোস্তাকিম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রিফাত ও নয়নদের সঙ্গে রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে তাঁকে একাধিকবার হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর দাবি, পূর্বপরিকল্পিতভাবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
রফিকুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সদর হাসপাতাল চত্বরে স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়। একই সঙ্গে চরমধুয়া ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে রায়পুরা থানা-র পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র ঘোষ বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।














