সাতক্ষীরা প্রতিনিধি ৩০ মার্চ ২০২৬ , ৯:০৭:৩১ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরে নির্মিত একটি সড়কের কাজ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কের টাইলস বসানোর মাত্র ১৫ দিনের মধ্যেই উঠে যেতে শুরু করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাংলো থেকে মূল সড়ক পর্যন্ত প্রায় ১০০ মিটার রাস্তা ঢালাই ও টাইলস বসানোর প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় বাস্তবায়ন করছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। কাজটির দায়িত্ব পান ঠিকাদার এমডি আশরাফ আলী, তবে স্থানীয়ভাবে জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয়।
সোমবার (৩০ মার্চ) সরেজমিনে দেখা যায়, চলতি মাসের ১৫ তারিখে কাজ শেষ হলেও ইতোমধ্যে বিভিন্ন স্থানের টাইলস হাত দিয়েই তুলে ফেলা যাচ্ছে। নিম্নমানের কাজের কারণে সাবেক ইউএনও বিল অনুমোদন করেননি বলে জানা গেছে। বর্তমানে ত্রুটি সংশোধনের জন্য পুনরায় টাইলস বসানোর কাজ চলছে।
কাজের সঙ্গে যুক্ত মিস্ত্রি শাহিন গাজি বলেন, ঢালাইয়ের ওপর বালুর সঙ্গে পর্যাপ্ত সিমেন্ট ব্যবহার না করায় টাইলস শক্তভাবে বসেনি। ফলে অল্প চাপেই তা উঠে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুধু টাইলস নয়, ঢালাইয়ের সময়ও মানসম্মত উপকরণ ব্যবহার করা হয়নি। এতে রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে ঠিকাদার এমডি আশরাফ আলী বলেন, “কাজটি আমার নামে হলেও অন্য একজন এটি পরিচালনা করেছেন। অনিয়ম হয়েছে কি না, তা আমার জানা নেই।”
উপজেলা সহকারী প্রকৌশলী স্বজল কুমার শীল দাবি করেন, কাজে কোনো অনিয়ম হয়নি। তিনি বলেন, “টাইলস বসানোর পর যথাযথভাবে পানি না দেওয়ায় তা শক্ত হয়নি। ঠিকাদারকে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।”
উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার জানান, তিনি বর্তমানে বাইরে রয়েছেন এবং পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
নবযোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা বলেন, “বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”




















