নিজস্ব প্রতিবেদক ১৯ এপ্রিল ২০২৬ , ১:৩৬:৩৫ প্রিন্ট সংস্করণ
রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেইট এলাকার ৫/সি নম্বর সড়কে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, জে-১৫২ নম্বর হোল্ডিংয়ে ভবনের মালিক লতিফ হোসেন রাজউকের অনুমোদন ও নিয়ম না মেনেই প্রভাব খাটিয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এতে পার্শ্ববর্তী ভবন ও পথচারীদের জীবন ঝুঁকির মুখে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সেটব্যাক না রেখে ভবনের দেয়াল তোলা হয়েছে। ফলে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। নির্মাণাধীন ভবনে কোনো নিরাপত্তা বেষ্টনী না থাকায় ওপর থেকে নির্মাণসামগ্রী পড়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ভবনটির নির্মাণ কাজ শেষ না হলেও ইতোমধ্যে সেখানে ভাড়াটে বসানো হয়েছে। আবাসিক এলাকা হওয়া সত্ত্বেও নিচতলা ও অন্যান্য অংশে বাণিজ্যিক কার্যক্রম চালানো হচ্ছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “নিরাপত্তা ব্যবস্থা নেই। প্রায়ই ওপর থেকে ইট-বালু পড়ে। বৃষ্টি হলে পানি সরাসরি আমাদের বাড়িতে চলে আসে।”
আরেক বাসিন্দার অভিযোগ, জানালা দিয়ে ময়লা ফেলায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে এবং মশার উপদ্রব বেড়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ভবনের মালিক লতিফ হোসেন দাবি করেন, তিনি নিয়ম মেনেই কাজ করছেন। যদিও রাজউকের অনুমোদিত নকশা দেখাতে তিনি রাজি হননি।
রাজউকের সংশ্লিষ্ট জোনের এক কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নগর বিশেষজ্ঞ প্রকৌশলী ড. এম. আমানুল্লাহ বলেন, নিরাপত্তা বেষ্টনী ছাড়া নির্মাণকাজ চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি আবাসিক ভবনে অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রম নগর ব্যবস্থাপনায় বিরূপ প্রভাব ফেলে।
এ পরিস্থিতিতে এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবৈধ নির্মাণ বন্ধ করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক।




















