শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ ৩ মে ২০২৬ , ১২:১২:১২ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর ৪ নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কার কাজকে কেন্দ্র করে ডিসিআরকৃত তিনটি দোকান উচ্ছেদের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রবিউল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা দিবা নৈশ কলেজের সামনে অবস্থিত খাঁ ডাক্তারের মালিকানাধীন ডিসিআরভুক্ত তিনটি দোকান যেকোনো মূল্যে উচ্ছেদের পরিকল্পনা করা হয়েছে। স্থানীয়দের দাবি, এই উদ্যোগের পেছনে ব্যক্তিগত স্বার্থ ও সম্পত্তির মূল্য বৃদ্ধির উদ্দেশ্য রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এ কাজে পৌরসভার কিছু কর্মচারী, একজন শিক্ষক এবং স্থানীয় কিছু ব্যক্তিকে সম্পৃক্ত করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, প্রভাব খাটিয়ে দোকানগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
খাঁ ডাক্তার পরিবারের সদস্য ডা. সিরাজ বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে তাদের দোকান উচ্ছেদের চেষ্টা করছে। পূর্ববর্তী সরকারের সময়েও একই ধরনের পরিকল্পনা হয়েছিল এবং তখন পৌরসভার একজন ভারপ্রাপ্ত মেয়রকে অর্থ দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
অন্যদিকে চা দোকানদার হায়দার জানান, প্রায় ২০ বছর ধরে দোকান চালিয়ে তারা জীবিকা নির্বাহ করছেন। দোকান উচ্ছেদ হলে তাদের পরিবার চরম সংকটে পড়বে বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে নাগরিক নেতারা বলেন, উন্নয়ন কাজের নামে দরিদ্র মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হলে তা নিয়ে স্বচ্ছতা থাকা জরুরি। আইন অনুযায়ী ব্যবস্থা নিলেও পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।
তবে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তা সংস্কার কাজ চলমান এবং নিয়ম অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা আরও বলেন, পৌরসভা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা প্রভাবিত নয়।
এদিকে ভুক্তভোগীরা জেলা প্রশাসক ও পৌর কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তারা দোকান হারানোর ঝুঁকি থেকে রক্ষা পান।




















