সারাদেশ

কোম্পানীগঞ্জে হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে শ্রমিকদের আল্টিমেটাম

  নাহিম মিয়া, নিজস্ব প্রতিবেদক ২ জুন ২০২৬ , ৫:১৭:৩৪ প্রিন্ট সংস্করণ

সিলেটের কোম্পানীগঞ্জে আবুল হোসেন হত্যার প্রতিবাদে সিলেট ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি কবির আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার।

এছাড়া বক্তব্য দেন ইউনিয়নের কার্যকরী সভাপতি কাউসার আহমদ, সাধারণ সম্পাদক মাসুম আহমদ লস্কর, কোষাধ্যক্ষ বাদল মিয়া, নিহতের ভাই নুর মিয়া, আব্দুল মতিন ভিআইপি, সদস্য আব্দুল জলিল, ইমরান মিয়া, কামাল আহমেদ মাস্টার, আনোয়ার হোসেন, সেলিম আহমদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা জানান, গত ২১ মে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় সন্ত্রাসীদের হামলায় গৌরীনগর গ্রামের আবুল হোসেন গুরুতর আহত হন। পরে তিনি ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭ জুনের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে কোম্পানীগঞ্জে সকল ধরনের পণ্য পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। পাশাপাশি সিলেট থেকে কোম্পানীগঞ্জে কোনো নিত্যপ্রয়োজনীয় মালামাল প্রবেশ কিংবা কোম্পানীগঞ্জ থেকে বাইরে পণ্য পরিবহন করতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তারা।

প্রতিবাদ সভার শুরুতে নিহত আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content