সারাদেশ

ঈদের ছুটিতে বাড়ি এসে তরুণের অস্বাভাবিক মৃত্যু

  ইব্রাহিম সবুজ , স্টাফ রিপোর্টার মাদারীপুর ২ জুন ২০২৬ , ১০:২৫:০৬ প্রিন্ট সংস্করণ

মাদারীপুরের কালকিনিতে ইয়াছিন লিখন প্যাদা (১৯) নামে এক তরুণের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার পাঙ্গাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন পাঙ্গাসিয়া এলাকার বাসিন্দা। তার বাবা বাবুল প্যাদা বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বায়োরগাতি গ্রামের বাসিন্দা। বাবা-মায়ের বিচ্ছেদের পর দীর্ঘদিন ধরে তিনি নানার বাড়িতে বসবাস করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন ঢাকার কামরাঙ্গীরচরে একটি কারখানায় কাজ করতেন। ঈদুল আজহা উপলক্ষে কয়েকদিন আগে তিনি বাড়িতে আসেন। ঘটনার আগে পরিবারের সদস্যদের সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল বলে জানা গেছে।

পরে পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার মা। স্থানীয়রা জানান, পারিবারিক নানা প্রতিকূলতার মধ্যেও তিনি ছেলেকে বড় করে তুলেছিলেন। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান ও আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

আরও খবর

Sponsered content