প্রতিনিধি ২৪ জুন ২০২৬ , ১১:১৪:০৮ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপে খেলার মাঝখানে দেওয়া হাইড্রেশন ব্রেক বা পানিবিরতির বিষয়টি সম্পূর্ণভাবে ক্রীড়া সংক্রান্ত সিদ্ধান্ত এবং এর মাধ্যমে ফিফার কোনো অতিরিক্ত আয় হয় না বলে জানিয়েছেন সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে তীব্র গরমের কারণে খেলোয়াড়দের স্বস্তি দিতে প্রতিটি ম্যাচের দুই অর্ধে মাঝামাঝি তিন মিনিটের বিরতি রাখা হয়েছে।
তবে এই বিরতি নিয়ে খেলোয়াড় ও কোচদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু দর্শক স্টেডিয়ামে বিরতি ঘোষণা হওয়ার সময় দুয়োও দিয়েছেন।
অন্যদিকে বিভিন্ন দেশের টেলিভিশন সম্প্রচারকরা এই সময় বিজ্ঞাপন প্রচার করেছে। তবে যুক্তরাজ্যে এ ধরনের বিজ্ঞাপন দেখানো হয়নি।
কিছু ম্যাচে, যেমন মঙ্গলবার ইংল্যান্ড ও ঘানার ড্র হওয়া ম্যাচে আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক ছিল। আবার কিছু ম্যাচ ছাদযুক্ত ও শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ইনফান্তিনো বলেন, ‘সব দলকে সমান সুযোগ দেওয়াই এই বিরতির অন্যতম প্রধান কারণ।’
তিনি বলেন, ‘ফিফার কোনো অতিরিক্ত আয় হচ্ছে না, কারণ সব বাণিজ্যিক চুক্তি আগেই সম্পন্ন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এটি কোনো আর্থিক বিষয় নয়, এটি সম্পূর্ণ ক্রীড়া সংক্রান্ত সিদ্ধান্ত।’
তিনি জানান, বিরতির সময় কোচ ও স্টাফরা খেলোয়াড়দের সঙ্গে কৌশল নিয়েও আলোচনা করতে পারেন।
ইনফান্তিনো বলেন, ‘প্রধান কারণ হলো তাপমাত্রা, তবে একই সঙ্গে বিশ্বকাপের দীর্ঘ সময়ব্যাপী সূচি বিবেচনায় খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘সব ম্যাচে একই ধরনের পরিস্থিতি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যেন কোনো কোচ এক ম্যাচে আবহাওয়ার কারণে সুবিধা পান, আর অন্য ম্যাচে না পান—এ ধরনের বৈষম্য না থাকে।’
বিশেষজ্ঞদের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের টেলিভিশন বিজ্ঞাপনের ৩০ সেকেন্ড সময়ের মূল্য কয়েক লাখ ডলার পর্যন্ত হতে পারে। বড় ম্যাচ ও পরবর্তী পর্যায়ে এই মূল্য আরও বৃদ্ধি পায়।
এর ফলে শুধু যুক্তরাষ্ট্রেই এই বিরতির সময় বিজ্ঞাপন প্রচার থেকে বিপুল পরিমাণ অর্থ আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।




















