মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ২৪ জুন ২০২৬ , ৮:৩৮:৫৫প্রিন্ট
সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৯ কেজি গাঁজাসহ মোঃ আনোয়ার হোসেন (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বুধবার (২৪ জুন) দুপুরে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর এলাকার বেলঘর বাসস্ট্যান্ড ব্রিজে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে আসা একটি নীল-হলুদ রঙের পিকআপকে থামানোর সংকেত দিলে চালক র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে পিকআপের পেছনে থাকা পাঁচটি বস্তা তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন রংপুর সদর উপজেলার আলোয়াকুরি গ্রামের মৃত আকবর আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে এবং জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।