প্রতিনিধি ২৫ জুন ২০২৬ , ১:১৪:১৮ প্রিন্ট সংস্করণ
ভেনেজুয়েলায় পরপর একাধিক শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার বিকেলে দেশটির রাজধানী কারাকাসের পশ্চিমাঞ্চলে আঘাত হানা একাধিক শক্তিশালী ভূমিকম্পে ভবন ধসে পড়েছে, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন এবং দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, ওয়াশিংটন ভেনেজুয়েলার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং জরুরি সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, ‘এই ভূমিকম্পগুলো অত্যন্ত বিধ্বংসী। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে রয়েছি এবং প্রয়োজনীয় সহায়তা মোতায়েন করছি।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জেরেমি লিউইন জানান, দুর্যোগ মোকাবিলায় একটি বিশেষ সহায়তা দল এবং টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা ক্ষতিগ্রস্তদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া এবং ত্রাণ কার্যক্রম সমন্বয় করবে।
তিনি বলেন, ‘ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের অংশীদারদের সঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্র অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সামগ্রী, মানবিক সহায়তা এবং অন্যান্য জরুরি সম্পদ পাঠাবে। দুর্যোগের পরের গুরুত্বপূর্ণ কয়েক দিনে এসব সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’
এদিকে কারাকাসে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, সেখানে কর্মরত সব মার্কিন কর্মকর্তা ও কর্মচারী নিরাপদে রয়েছেন এবং তাদের সবার অবস্থান নিশ্চিত করা হয়েছে।
ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন এলাকায় উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্কের উন্নতি ঘটেছে। চলতি বছরের জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাসে এক অভিযানে আটক করার পর দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে।
বর্তমানে ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র বিভিন্ন বিষয়ে যোগাযোগ বাড়িয়েছে। দুই দেশের মধ্যে ভেনেজুয়েলার তেল বিক্রি, মার্কিন বিনিয়োগ এবং নিষেধাজ্ঞা শিথিলের মতো বিষয়েও আলোচনা চলছে।
তবে সর্বশেষ ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো প্রকাশ করা হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।














