আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

  প্রতিনিধি ২৫ জুন ২০২৬ , ১০:৪৪:৩৬ প্রিন্ট সংস্করণ

ভেনেজুয়েলায় অল্প সময়ের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, দুর্যোগটির প্রভাব ভয়াবহ হতে পারে এবং হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছাতে পারে।

ইউএসজিএসের দুর্যোগ মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে। সংস্থার মডেলভিত্তিক বিশ্লেষণে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যুর উল্লেখযোগ্য ঝুঁকির কথা বলা হয়েছে। একই সঙ্গে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে প্রাণহানি এক লাখের ঘরেও পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় রাজধানী কারাকাস এবং আশপাশের এলাকায় পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। এর মাত্র ৩৯ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি নিয়েও সতর্ক করেছে সংস্থাটি। বিশেষজ্ঞদের মতে, মূল কম্পনের পর আরও শক্তিশালী আফটারশক বা পরাঘাত আঘাত হানতে পারে, যা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ভবন ও অবকাঠামোর জন্য নতুন ঝুঁকি তৈরি করবে।

এ ছাড়া কয়েকটি এলাকায় ভূমিধস এবং ভূমি তরলীকরণের আশঙ্কা রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে মাটি তার স্বাভাবিক দৃঢ়তা হারিয়ে ফেলতে পারে, ফলে ভবন, সড়ক ও অন্যান্য স্থাপনা হঠাৎ ধসে পড়ার ঝুঁকি বেড়ে যায়।

ভূমিকম্পের পর রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ দ্রুত ভবন ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। বিভিন্ন এলাকায় ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানিয়েছেন, বেশ কয়েকটি স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে এবং ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে জরিপ চলছে। নিরাপত্তার স্বার্থে কিছু ভবনের গ্যাস সরবরাহও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।

ভূমিকম্পের পর ভেনেজুয়েলার পাশাপাশি আরুবা, বোনেয়ার ও পার্শ্ববর্তী কয়েকটি উপকূলীয় অঞ্চলের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। পরবর্তীতে কিছু এলাকায় সেই সতর্কতা তুলে নেওয়া হলেও পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

এদিকে প্রতিবেশী কলম্বিয়ার রাজধানী বোগোতাসহ কয়েকটি এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। সেখানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাসিন্দাদের ভবন থেকে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

আরও খবর

Sponsered content