প্রবাসের খবর

সৌদিতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বাড়াল কর্তৃপক্ষ

  প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ১১:১০:২৬ প্রিন্ট সংস্করণ

সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বা রুকসা আমল ইস্যু এবং নবায়নের ক্ষেত্রে নতুন সুযোগ প্রদান করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বুধবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিভিন্ন নিয়োগকর্তার অবহেলা, প্রশাসনিক জটিলতা কিংবা প্রতারক দালালচক্রের খপ্পরে পড়ে অনেক বাংলাদেশি প্রবাসী দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্রের সংকটে ভুগছেন। বৈধ কাগজ না থাকায় অনেকেরই কফিল বা স্পন্সর খুঁজে পেতে সমস্যা হচ্ছে, যার ফলে তারা কর্মসংস্থান হারিয়েছেন এবং মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে অনেকেই খোলা আকাশের নিচে কিংবা মসজিদ প্রাঙ্গণে রাত কাটাতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে।

এদিকে, যে সকল প্রবাসী কর্মী বৈধ উপায়ে নিজ দেশে ফিরে যেতে ইচ্ছুক, তাদের প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ দূতাবাস প্রস্তুতি গ্রহণ করেছে। দূতাবাস থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করলে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।

শ্রম আইন মেনে চলার সংস্কৃতিকে আরও শক্তিশালী করা, নিয়োগকর্তা ও কর্মীর মধ্যকার পারস্পরিক চুক্তিভিত্তিক অধিকার নিশ্চিত করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে দূতাবাসের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

আরও খবর

Sponsered content