সারাদেশ

জলাবদ্ধতা নিরসন ও জীববৈচিত্র্য রক্ষায় দখলমুক্ত কাটেঙ্গা বিল খননের উদ্যোগ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৯:৪৫:০০ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে আন্দিউড়া ইউনিয়নের কাটেঙ্গা বিলের সাড়ে ১১ একর জমি দখলমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিলের সীমানা নির্ধারণ করে লাল নিশান স্থাপন করে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সার্ভেয়ার জমি পরিমাপ করে বিলের সীমানা চিহ্নিত করেন।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলের একটি অংশ স্থানীয় প্রভাবশালীরা দখল করে পুকুর ও ফসলি জমিতে রূপান্তর করেছিলেন। এতে বিলের পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। জমি উদ্ধারের দাবিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিলেন।

পরিবেশকর্মী আবুল মিয়া বলেন, “বিলের জমি উদ্ধার হওয়ায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিলটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা জরুরি। একসময় শীতকালে এখানে অতিথি পাখির সমাগম হতো।”

স্থানীয় বাসিন্দা শাহেদ মিয়া বলেন, “আগে বিলে প্রচুর মাছ পাওয়া যেত। আন্দিউড়া ও শাহজাহানপুর ইউনিয়নের বহু মানুষ মাছ ধরতেন। পাহাড়ি ঢলের সঙ্গে মাটি ও বালু জমে বিলটি ভরাট হয়ে যাওয়ায় মাছ ও পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে।”

মাধবপুরের ইউএনও মো. মেহেদী হাসান বলেন, “প্রায় ২০ বছর বিলটির সংস্কার হয়নি। ভরাট হয়ে যাওয়ায় মাছের আবাস ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি শাহজাহানপুর ও আন্দিউড়া ইউনিয়নের ১৫ থেকে ২০টি গ্রামে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয় এবং পাহাড়ি ঢলে ফসল ক্ষতিগ্রস্ত হয়। বিলের সীমানা নির্ধারণ করে লাল নিশান স্থাপন করা হয়েছে। দ্রুত বিলটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও খবর

Sponsered content