সারাদেশ

রূপসা উত্তরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা আবু রায়হানের

  ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: ২০ নভেম্বর ২০২৬ , ১০:০৪:০২ প্রিন্ট সংস্করণ

Oplus_0

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫ নম্বর রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠক ও সমাজসেবক মো. আবু রায়হান। দীর্ঘদিন ধরে শিক্ষা, ক্রীড়া, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পর এবার জনপ্রতিনিধি হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি।

১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর ও বদরপুর গ্রামের মধ্যবর্তী পরান বেপারী বাড়িতে জন্মগ্রহণ করেন আবু রায়হান; তাঁর বাবা মো. আবুল হোসেন ও মা ফিরোজা বেগম। প্রাথমিক শিক্ষা শেষে তিনি বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসা, বি. আর. হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয় ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাববিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং চাঁদপুর সরকারি কলেজে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করেন।

২০১৪ সালে মুদ্রণ ব্যবসার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন তিনি। বর্তমানে অনলাইনভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান ‘কল বাজার’-এর সঙ্গেও যুক্ত আছেন। এ ছাড়া বি. আর. হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় ক্রীড়াঙ্গনেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। রুস্তমপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সূর্য তরুণ প্রিমিয়ার লিগ, আর.বি প্রিমিয়ার লিগ ও নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টসহ বিভিন্ন ক্রীড়া আয়োজনে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি প্রতিষ্ঠিত ছাত্রকল্যাণ সংস্থার মাধ্যমে শিক্ষা উপকরণ ও সহায়ক বই বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান এবং ২০২০ সালের করোনা মহামারিতে ত্রাণ ও ঈদ উপহার বিতরণের কাজের কথাও জানান তিনি। ছাত্রজীবনে ২০১৮ সালে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং পরে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা প্রসঙ্গে আবু রায়হান বলেন, “জনপ্রতিনিধিত্ব কোনো ক্ষমতা বা পদ-পদবির বিষয় নয়; এটি মানুষের প্রতি দায়িত্ববোধ ও সেবার সুযোগ। প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ, অবকাঠামো ও শিক্ষা-স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানকে গুরুত্ব দিতে চাই।”

তিনি আরও বলেন, “কথার চেয়ে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। অতীতের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে রূপসা উত্তর ইউনিয়নের মানুষ আমাকে মূল্যায়ন করবেন বলে আশা করি।”

আরও খবর

Sponsered content