অপরাধ

হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির তল্লাশি: ১ লাখ ৬ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক

  কক্সবাজার জেলা প্রতিনিধি: ২৮ জুলাই ২০২৬ , ৯:২০:৫৬ প্রিন্ট সংস্করণ

 

কক্সবাজারের উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকারের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৬ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনায় গাড়িটির চালককে আটক করেছে বিজিবি।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (২৮ জুলাই) উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। গাড়িটি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে সামনের বাম্পারের ভেতর থেকে কালো পলিথিনে মোড়ানো ১৬টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের মধ্যে মোট ১,০৬,০০০ পিস ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় আটক করা হয়েছে প্রাইভেটকার চালক মো. সাইফুল ইসলাম খোকন (৩৬)-কে। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিপাড়া এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এদিকে আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং মাদক চোরাচালান প্রতিরোধে আরও কঠোর অভিযান পরিচালনার কথাও জানিয়েছে বিজিবি।

আরও খবর

Sponsered content