আন্তর্জাতিক

রাশিয়া-চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায়: পুতিন

  প্রতিনিধি ২০ মে ২০২৬ , ১১:৪২:১৭ প্রিন্ট সংস্করণ

বর্তমানে রাশিয়া ও চীনের সম্পর্ক এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার সকালে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় শিকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধনসহ দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন পুতিন। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের বরাতে বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পুতিন বলেন, গত ২৫ বছরে রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্যের পরিমাণ ৩০ গুণের বেশি বৃদ্ধি পেয়েছে এবং দুই দেশের সম্পর্ক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আন্তর্জাতিক অঙ্গনে উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।

অন্যদিকে শি জিনপিং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সংকটপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বর্ণনা করেছেন। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, তিনি বলেছেন, অঞ্চলটি এখন যুদ্ধ থেকে শান্তির দিকে রূপান্তরের পর্যায়ে রয়েছে এবং সংঘাতের পুনরাবৃত্তি গ্রহণযোগ্য হবে না।

শি বলেন, ‘শত্রুতা বন্ধ করা এখন অত্যন্ত জরুরি।’ তিনি আরও জানান, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তার চার দফা প্রস্তাব আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলা এবং উত্তেজনা কমাতে সহায়ক হবে।’

গত মাসে আবুধাবির যুবরাজের সঙ্গে বৈঠকে শি এই চার দফা প্রস্তাব উত্থাপন করেন। এতে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন এবং উন্নয়ন ও নিরাপত্তার সমন্বিত দৃষ্টিভঙ্গির ওপর জোর দেওয়া হয়েছে।

এদিকে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে পুতিন বলেন, তাদের আলোচনা ছিল গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ এবং রাশিয়া-চীন অংশীদারিত্ব অনুকরণীয়।

তিনি আরও বলেন, ‘দুই দেশের সহযোগিতার মূল লক্ষ্য রুশ ও চীনা জনগণের কল্যাণ নিশ্চিত করা।’ পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বৈঠক বিষয়ে শি জিনপিংবলেন, ‘চীন-রাশিয়া সম্পর্ক এখন নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং এই সম্পর্ক আরও দ্রুত ও স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘দুই দেশের পারস্পরিক আস্থার ভিত্তি আরও শক্তিশালী হচ্ছে।’

বৈঠক শেষে দুই নেতা একাধিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। রুশ কর্মকর্তাদের তথ্যমতে, মোট ২১টি নথিতে স্বাক্ষর হতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নথি হলো- কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার যৌথ বিবৃতি এবং বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা ও নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠা সংক্রান্ত ঘোষণা।

আরও খবর

Sponsered content