সারাদেশ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

  সাইফুল ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ৪:১০:৪০ প্রিন্ট সংস্করণ

 

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শরীয়তপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শরীয়তপুর সদর হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ–এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সদর হাসপাতালের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের উপস্থিতিতে হাসপাতালের নিয়মিত কার্যক্রম আংশিক ব্যাহত হয়।

বক্তারা বলেন, “অন্যান্য ডিপ্লোমাধারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনও বৈষম্যের শিকার হচ্ছেন। এ দীর্ঘদিনের অন্যায় দ্রুত সমাধান না হলে চিকিৎসা সেবা বিঘ্নিত হওয়ার দায়ভার সরকারকেই নিতে হবে।”

তাঁরা আরও জানান, এর আগে ৩০ নভেম্বর দুই ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে। ৪ ডিসেম্বর থেকে পূর্ণদিবসের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হবে। যদি ১০ম গ্রেড বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

এদিকে, কর্মবিরতির কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক রোগী পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। রোগী ও স্বজনরা দ্রুত সময়ের মধ্যে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য দাবি মেনে নিয়ে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content