মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৫ , ৪:৫৭:১৬ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের প্রত্যন্ত চকউলী গ্রামের শারীরিকভাবে প্রতিবন্ধী দম্পতি গুলবার ও সাবিনার জীবনে নেমে এসেছিল চরম দুর্দশা। ভাঙা টিনের ঘরে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কষ্টের জীবন পার করছিলেন তারা। বর্ষার সময় ঘরের ছাউনি দিয়ে পানি ঝরলে কখনো মাথায় পলিথিন দিয়ে রাত কাটাতে হতো এই অসহায় পরিবারটির।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে তাদের দুঃসহ জীবনের খবর প্রকাশ পেলে বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।
পরে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নির্দেশনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।
স্থানীয় কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের সহযোগিতায় গুলবার-সাবিনা দম্পতির ভাঙা ঘরের পাশে নতুন একটি পাকা টিনের ঘর নির্মাণ করে দেওয়া হয়।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদের হাতে তুলে দেওয়া হয় দুই বস্তা শুকনো খাবার, চাল, ডাল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় উপকরণ।
গত ৩০ অক্টোবর (বুধবার) দুপুরে এসব সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন ঘরে উঠেই আনন্দাশ্রু নিয়ে গুলবার ও সাবিনা বলেন,“জীবনে কখনো ভাবিনি নতুন ঘরে থাকতে পারব। আল্লাহ প্রশাসনের সবাইকে ভালো রাখুন।”
উদ্যোমী কিছু স্থানীয় যুবক ও প্রতিবেশীর সহায়তায় যাদের দুর্দশার খবর প্রকাশ পায়, সেই সহযোগিতার ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের দ্রুত উদ্যোগে নতুন ঘর ও খাদ্য সহায়তা পেয়ে আবারও বেঁচে থাকার আশা ফিরে পেয়েছে এই অসহায় পরিবারটি।








