জাতীয়

মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুই বাসে আগুন

  দৈনিক মতপ্রকাশ প্রতিবেদকঃ ১০ নভেম্বর ২০২৫ , ৯:৫১:১৩ প্রিন্ট সংস্করণ

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে ভিক্টর পরিবহনের দুটি বাস। তবে কারা এবং কী উদ্দেশ্যে আগুন দিয়েছে—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১০ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “ভোরে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে আমরা সংবাদ পাই। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

তিনি আরও জানান, “বাসে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ঘটনায় কেউ হতাহত হয়েছে এমন তথ্যও পাওয়া যায়নি।”

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ করেই দুটি বাসে আগুন দেখা যায়। মুহূর্তেই বাস দুটির ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে থাকে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় অবস্থান নিয়েছে এবং আগুনের উৎস ও পেছনের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

আরও খবর

Sponsered content