খেলাধুলা

রাফিনিয়ার জোড়া গোলে শীর্ষস্থান আরও মজবুত বার্সার

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫ , ১২:৫৮:২৫ প্রিন্ট সংস্করণ

রাফিনিয়ার দ্বিতীয়ার্ধের শেষদিকে করা দুটি গোলে দৃঢ়প্রতিজ্ঞ ওসাসুনাকে ২-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। শনিবারের এই কঠিন জয়ে লা লিগার শীর্ষে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে সাত পয়েন্টে।

হান্সি ফ্লিকের শিষ্যরা এখন ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে স্বচ্ছন্দ ব্যবধানে এগিয়ে। যদিও রিয়ালের একটি ম্যাচ হাতে রয়েছে, তারা রোববার আলাভেসের মুখোমুখি হবে।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য দেখায় বার্সেলোনা। প্রায় ৮০ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে তারা ২৪টি শট নেয়, যেখানে ওসাসুনা নিতে পারে মাত্র তিনটি।

তবে পাঁচ জনের সুসংগঠিত রক্ষণভাগ এবং গোলরক্ষক সের্হিও হেরেরার একাধিক দুর্দান্ত সেভে দীর্ঘ সময় হতাশ হতে হয় স্বাগতিকদের।

২৩তম মিনিটে স্বল্প কর্নার থেকে মার্কাস রাশফোর্ডের ক্রসে ফেরান তোরেসের হেডে বার্সেলোনা এগিয়ে গেছে মনে হলেও, দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

প্রথমার্ধের সেরা সুযোগ আসে ৪০তম মিনিটে। ডান দিক দিয়ে লামিনে ইয়ামালের দারুণ দৌড়ের পর নিখুঁত ক্রসে তোরেস অ্যাক্রোবেটিক ওভারহেড কিক নিলেও বল পোস্টের বাইরে দিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা একের পর এক আক্রমণ চালালেও ওসাসুনার রক্ষণভাগ ভাঙা কঠিন হয়ে পড়ে। বিরতির পরপরই ফ্রি কিক থেকে রাশফোর্ড গোলরক্ষক হেরেরাকে পরীক্ষা করেন। ডান প্রান্তে ইয়ামাল ছিলেন সারাক্ষণই হুমকি, তবে অতিথিরা চাপ সামলে যায়।

অবশেষে ৭০তম মিনিটে জমাট রক্ষণ ভাঙে বার্সেলোনা। পেদ্রির চোখ ধাঁধানো পাসে রাফিনিয়া বক্সের প্রান্তে বল পেয়ে নিয়ন্ত্রিত শট নেন, যা বাঁ পোস্ট ঘেঁষে জালে জড়িয়ে যায়।

৮৬তম মিনিটে জয় নিশ্চিত করেন রাফিনিয়া। জুল কুন্দের ডান দিক থেকে দেওয়া ডিফ্লেক্টেড ক্রস দূরের পোস্টে ফাঁকা অবস্থায় পেয়ে ভলিতে জালে পাঠান তিনি। ফলে স্কোরলাইন আরও স্বস্তিদায়ক হয়ে ওঠে বার্সেলোনার জন্য।

আরও খবর

Sponsered content