বিনোদন ডেস্ক : ১১ জানুয়ারি ২০২৬ , ১:৫৯:৪১ প্রিন্ট সংস্করণ
নেটদুনিয়ায় গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া শেখ সোলায়মান ও রাকিবের সঙ্গে এবার যুক্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লুৎফর হাসান। অন্যদিকে দোতারায় গানটির সংগীতে বিশেষ মাত্রা যোগ করেছেন ফাহিমা আহমেদ শিফা। তরিকের সংগীতে নির্মিত ‘ভালোবাসার সীমা নাই’ শিরোনামের গানটির গানচিত্র ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
‘তুমি আমায় চিনো নাই গো, আমি তোমায় চিনি নাই,
তোমার আমার মইধ্যে তবু ভালোবাসার সীমা নাই’—
এমন আবেগী কথায় গানটির গীতিকবিতা সাজিয়েছেন লুৎফর হাসান নিজেই। গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শেখ সোলায়মান ও রাকিব। দোতারায় ছিলেন শিফা। ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
গানটির দৃশ্যায়ন হয়েছে টাঙ্গাইলের যমুনার চর ও হেমনগর জমিদার বাড়িতে। উল্লেখযোগ্য বিষয় হলো—লুৎফর হাসান, শেখ সোলায়মান ও রাকিব তিনজনই একই অঞ্চলের সন্তান। ফলে গানচিত্রে স্থান পেয়েছে ওই এলাকার নান্দনিক ও দৃষ্টিনন্দন লোকেশন।
এ প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে সোলায়মান ও রাকিব ভীষণ জনপ্রিয়। ওরা আমারই ছোটভাই। এক মাটির সন্তানেরা এক গানে একত্রিত হব—এটা বেশ আগের পরিকল্পনা। শিফা দোতারায় যুক্ত হয়ে গানটিকে আলাদা মাত্রা দিয়েছে। আর এই গান ও গানচিত্রের সবচেয়ে ইউনিক দিক হলো এর লোকেশন। এর আগে এখানে কখনো কাজ হয়নি।”
শেখ সোলায়মান ও রাকিব বলেন, “লুৎফর ভাই আমাদের এলাকার বড়ভাই। উনার লেখা ও সুরে অনেকেই গান করেছেন। আমাদের দীর্ঘদিনের ইচ্ছে ছিল—একসাথে কাজ করার। ধ্রুব গুহ দাদা এগিয়ে আসায় শেষ পর্যন্ত কাজটি বাস্তবায়ন হয়েছে।”
প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, খুব শিগগিরই গানটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। পাশাপাশি দেশি-বিদেশি একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মেও শ্রোতারা গানটির অডিও উপভোগ করতে পারবেন।










