ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ২৫ এপ্রিল ২০২৬ , ১০:৫৪:৪৩ প্রিন্ট সংস্করণ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে ত্রিশাল উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি সুশৃঙ্খল ও উৎসবমুখরভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আগামী ২১ থেকে ২৫ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী জাতীয়ভাবে জন্মজয়ন্তী উদযাপন করা হবে। শেষ দিন ২৫ মে ত্রিশালে জাতীয় পর্যায়ের মূল আয়োজন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে নজরুলের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে। সকলকে সমন্বিতভাবে কাজ করে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান তিনি।














