সারাদেশ

বকেয়া বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ

  প্রতিনিধি ২০ মে ২০২৬ , ১২:৪০:০৭ প্রিন্ট সংস্করণ

পাওনা বকেয়া বেতন-ভাতার দাবিতে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সামনে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন বন্ধ ৪টি কারখানার শ্রমিকরা।

অবরোধের মুখে আটকা পড়েন অফিসমুখী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা। এ সময় পাওনা আদায়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। ব্যস্ত মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। পরের পুলিশ গিয়ে সড়ক থেকে শ্রমিকদের বুঝিয়ে উঠিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর আগে অভিন্ন দাবিতে গত সোমবার ডিইপিজেডের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, ঈদের আগে বকেয়া পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণাও দিয়েছে তারা।

সকাল থেকেই ডিইপিজেডের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এক্টর স্পোটিং লিঃ, সাউথ চায়না লিঃ, গোল্ডটেক্স গার্মেন্টস লিঃ, গোল্ডটেক্স টেক্সটাইল লিঃ নামের কারখানার শ্রমিকরা।

 

শ্রমিকদের অভিযোগ, ডিইপিজেডে হংকং এর বিনিয়োগকারী ৪টি প্রতিষ্ঠান অনিবার্য কারণ দেখিয়ে বন্ধ ঘোষণা করায় বেকার হয়ে পড়েছেন ২ হাজার ৮০০ শ্রমিক। কারখানা বন্ধের ১৫ দিনের মাথায় বেতন ভাতা পরিশোধের নিয়ম থাকলেও দীর্ঘ আট মাসেও বকেয়া বেতন ভাতা বুঝে পাননি তারা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নির্বাহী পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, আমরা বন্ধ ৪টি কারখানা বিক্রি করে শ্রমিকদের সমুদয় বকেয়া টাকা পরিশোধ করে দিতে চাই। কারখানার ইনভেন্টরি ও ভ্যালুয়েশন নির্ধারণে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ম্যাজিস্ট্রেট ও কাস্টমসের সমন্বয়ে কমিটি গঠন করবে।

তিনি বলেন, ‘শ্রমিকদের সঙ্গে আমরা বহুবার এ নিয়ে সভা করেছি। আশ্বস্ত করে বলেছি, বিচলিত হবার কিছু নেই। যে কোনো মূল্যে তারা তাদের সমুদয় বকেয়া বেতন- ভাতা পাবে।’

তিনি আরও বলেন, ‘ওই ৪টি কারখানার মালিকদের পক্ষে উচ্চ আদালতে করা একট রিটের কারণে বিক্রির বিষয়টি ঝুলে আছে। আশা করছি,বিষয়টি দ্রুত আদালতে নিষ্পত্তি হবে। তখন শ্রমিকদের বকেয়া বেতন- ভাতা পেতে আর কোনো অসুবিধা হবে না। এজন্য সকলকে একটু ধৈর্য্য ধারণ করতে হবে।’

আরও খবর

Sponsered content