রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ২২ মে ২০২৬ , ২:৫৭:৩৪ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৬১) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) সকাল আনুমানিক ১০টার দিকে পৌর শহরের মুক্তা সিনেমা হল সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন পৌর শহরের মহলবাড়ি মহল্লার মৃত নয়ন শেখের ছেলে।
আহতরা হলেন নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭), পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫) এবং পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পোয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬)। গুরুতর আহত অবস্থায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আবুল হোসেন তার ভ্যান নিয়ে শিবদিঘির দিকে যাচ্ছিলেন। এ সময় মুক্তা সিনেমা হলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল আমান বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আবুল হোসেনের পরিবার এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।




















