মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১ জুন ২০২৬ , ৫:৩৫:০৬ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি মিনি পিকআপে বহন করা পানির ফিল্টারের ভেতর থেকে ১৯২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

রোববার (৩১ মে) রাত ৮টার দিকে মাধবপুর পৌরসভার সুশান পেট্রোল পাম্পের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল সন্দেহভাজন মিনি পিকআপটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় পিকআপে থাকা পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের রায়চরণ দাসের ছেলে রিপন দাস (৩২)।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অপর আসামি মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে সৈয়দ আলী অভিযান চলাকালে পালিয়ে যান। তাকে গ্রেফতারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত গাঁজার চালানটি দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।














