সারাদেশ

জীবিকার তাগিদে হাটে গিয়ে আর ফেরা হলো না আজাদের

  হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি ২ জুন ২০২৬ , ৪:২৩:৩৪ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ ছাগলের বাজারে অসুস্থ হয়ে আযরত আলী ওরফে আজাদ (৫০) নামে এক ছাগল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা, তীব্র তাপপ্রবাহ ও প্রখর রোদের কারণে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারেন।

সোমবার (১ জুন) দুপুরে শিবগঞ্জ ছাগলের বাজারে এ ঘটনা ঘটে। নিহত আযরত আলী পীরগঞ্জ উপজেলার ভোমড়াদহ ইউনিয়নের গাড়াধাপ গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ছাগল কেনাবেচার মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

ভোমড়াদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে বাজারে ছাগল বিক্রির জন্য অবস্থান করছিলেন আজাদ। একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয়রা তাকে সহায়তার চেষ্টা করলেও তিনি আর সুস্থ হননি।

স্থানীয়দের ধারণা, অতিরিক্ত তাপমাত্রা ও দীর্ঘ সময় রোদে অবস্থানের কারণে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। পরে স্বজনরা তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যান।

আজাদের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার স্ত্রী ও সন্তানরা বিপাকে পড়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে গত কয়েকদিন ধরে ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। অতিরিক্ত গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রয়োজন ছাড়া দুপুরের প্রখর রোদে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং অসুস্থবোধ করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্থানীয়দের মতে, আজাদের মৃত্যু তীব্র তাপপ্রবাহের সময়ে খোলা পরিবেশে কর্মরত মানুষের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি আবারও সামনে নিয়ে এসেছে।

আরও খবর

Sponsered content