সারাদেশ

মাগুরার শ্রীপুরে মোবাইল রিচার্জের বিরোধে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ১১:৩৬:১৫ প্রিন্ট সংস্করণ

 

মাগুরার শ্রীপুর উপজেলায় মোবাইলে টাকা রিচার্জ করাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাচিলাপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন এবং কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল গ্রাম এবং দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

আহতরা হলেন দারিয়াপুর গ্রামের শহীব শেখ (৩৫) এবং তারাউজিয়াল গ্রামের প্রবল (৪০) ও শাহজাহান (৩৫)। তারা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় সাচিলাপুর বাজারের হৃদয় টেলিকমে মোবাইল রিচার্জ করতে যান দারিয়াপুর গ্রামের শহীব শেখ। এ সময় দোকান মালিক প্রবল ভুলবশত রিচার্জের টাকার পরিবর্তে মিনিট প্যাকেজ চালু করে দেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং দুই গ্রামের লোকজন এতে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় সাচিলাপুর বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হৃদয় টেলিকম, মেঘা সুইটস অ্যান্ড কনফেকশনারি এবং আলম মোল্যার বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর শনিবার সকালে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ সুপার আল নাহিয়ান, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিরোধ মীমাংসার উদ্যোগ নেন।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল করিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া বলেন, “স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের সহযোগিতায় দুই পক্ষের মধ্যে সৃষ্ট সমস্যা সমাধান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content