সারাদেশ

রংপুরে নুজশাতের আত্মহত্যায় প্ররোচনা মামলায় সাকিনের ১ দিনের রিমান্ড

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার  ২৮ জুন ২০২৬ , ৯:০৯:২০ প্রিন্ট সংস্করণ

রংপুরে বহুতল ভবন থেকে পড়ে শিক্ষার্থী নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার (২৮ জুন) দুপুরে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইন রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম সাকিনের তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আগামী তিন দিনের মধ্যে সুবিধাজনক সময়ে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে কারাগার থেকে সাকিনকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা আদালতে বিভিন্ন তথ্য-উপাত্ত ও ডিজিটাল আলামত উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করে। তারা দাবি করেন, রিমান্ডের প্রয়োজন নেই।
এ সময় আদালতের কাছে পুলিশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও কাগজপত্র উপস্থাপন করলে, আদালতের বিচারক আগামী তিন দিনের যেকোনো একদিন জিজ্ঞাসাবাদের জন্য সাকিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নাকোচ করে দেন। শুনানি শেষে পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে সাকিনকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী আবু হায়দার মো. আব্দুল মুবিন বলেন, মামলার উপাদান, মোবাইলের তথ্য প্রমাণ বিশ্লেষণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করেন। আদালত আজ সাকিনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তিনি আরও বলেন, গত ১৬ জুন সাকিন রাত সাড়ে ৩টার দিকে নুজশাতকে মোবাইলে ফোন করে দীর্ঘ ৫০ মিনিট ১২ সেকেন্ড কথা বলে। গত তিন মাসে ১১৮ বার তাদের মোবাইল ফোনে কথা হয় এবং মেসেজ আদান-প্রদান করা হয়। গভীর রাতে এত দীর্ঘক্ষণ কোনো ছাত্রীর সঙ্গে শিক্ষকের কথা হতে পারে না।
বিবাদীর আইনজীবী আব্দুল কাইয়ুম মণ্ডল বলেন, ৩০৬ ও ১০৯ ধারায় মামলা করার জন্য এজাহারে যে উপাদান থাকতে হয়, তার কিছুই নেই। পুলিশের কাছে দুটি মোবাইল ফোনই ছিল। তারা তথ্য প্রযুক্তির ব্যবহার করে সব ধরনের তথ্য বের করতে পারবে। এর জন্য রিমান্ডের কোনো প্রয়োজন পড়ে না। আমরা সাকিনের জামিন আবেদন করেছিলাম। আদালত যেহেতু এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে, তাই আমাদের আবেদন নাকোচ করেছে। রিমান্ড শেষে পুনরায় জামিনের আবেদন করা হবে।
এদিকে নুজসাতের পরিবার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। পুলিশ বলেছে, প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২২ জুন বিকেলে নগরীর হোটেল নর্থ ভিউয়ের ছাদ থেকে পড়ে মারা যান এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহান। এ ঘটনায় পরেরদিন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা করেন মৃতের বাবা নজরুল ইসলাম। এ ঘটনায় ওই দিনই অভিযুক্ত রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র ও নুজশাতের প্রাইভেট টিউটর শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও খবর

Sponsered content