অপরাধ

মহেশপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে মা খুন, অভিযুক্ত আটক

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ১৪ আগস্ট ২০২৬ , ৩:২০:১০ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের মহেশপুরে নেশাগ্রস্ত ছেলের হাতে শকের বানু (৫০) নামে এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতে উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা নিহতের ছেলে ইখলাস (৪০)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহত শকের বানু ওই গ্রামের মৃত জেকের আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইখলাস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই মায়ের কাছে টাকা চাইতেন। বৃহস্পতিবার রাতে টাকা চাইলেও মা দিতে অস্বীকৃতি জানান। এর জেরে শুক্রবার ভোররাতে ধারালো অস্ত্র দিয়ে মায়ের গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ।

সকালে নিহতের ছোট ছেলের স্ত্রী খাবার দিতে গিয়ে শকের বানুকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ইখলাসকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, অভিযুক্ত ইখলাসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content