সারাদেশ

ওয়াজ মাহফিলে গিয়েছিল পরিবার, সেই সুযোগে ঘরে সিঁধ কেটে চুরি

  বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৬:৫৮:৩৫ প্রিন্ট সংস্করণ

যশোরের বাঘারপাড়া উপজেলায় বসতঘরের পেছনের দেয়ালে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘরে থাকা নগদ টাকা, চাল, ডাল ও তেলসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে চোরেরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাগডাঙ্গা গ্রামের মক্তব শিক্ষক মুজাহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মুজাহিদুল ইসলাম জানান, ওই রাতে বাড়ির পাশেই একটি ওয়াজ মাহফিল চলছিল। পরিবারের সদস্যদের নিয়ে মাহফিলে যাওয়ার জন্য তিনি ঘরে তালা দিয়ে বের হন। মাহফিল শেষে ফিরে ঘরের ভেতরে ঢুকে দেখেন, আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে ঘরের পেছনে গিয়ে দেয়ালে সিঁধ কাটা দেখতে পান।

তিনি আরও জানান, চোরেরা ঘরে থাকা নগদ টাকা, চাল, ডাল ও তেলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। সকালে ঘটনাটি জানাজানি হলে প্রতিবেশীরা বাড়িতে ছুটে আসেন এবং চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনিছুর রহমান বিপ্লব বলেন, “চুরির ঘটনাটি দুঃখজনক। বিষয়টি জানার পর খোঁজখবর নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী জানান, বসতবাড়িতে চুরি প্রতিরোধে এলাকায় রাতের টহল ও নজরদারি জোরদার করা প্রয়োজন। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

আরও খবর

Sponsered content