সিলেট প্রতিনিধি: ২০ নভেম্বর ২০২৬ , ১:১২:২০ প্রিন্ট সংস্করণ
নাশকতার আশঙ্কায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর) বিকেল চারটা থেকে সতর্কতামূলক এ ব্যবস্থা নেওয়া হয়। বিমানবন্দরের ভেতরে ও বাইরের এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি আনসার ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মাহমুদ আখতার হোসেন বলেন, “বুধবার ঢাকা থেকে নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর বিকেল চারটা থেকে বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে বাইরের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত আনসার ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ওসমানী বিমানবন্দরের প্রবেশপথ, সীমানা (বাউন্ডারি) ও ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে।”
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনায় দেশের সব বিমানবন্দরের মতো সিলেটেও সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল বজায় রাখতে বলা হয়েছে। যে সময়গুলোতে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, তখন টহল ও নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বিমানবন্দরে প্রবেশের সময় যানবাহন তল্লাশি ও নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।





















