প্রতিনিধি ৪ আগস্ট ২০২৬ , ২:১০:০৪ প্রিন্ট সংস্করণ
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে ২৬০ কোটি (২.৬ বিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান সৌদি আরামকোর প্রধান নির্বাহী (সিইও) আমিন নাসের।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরামকোর দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের সময় তিনি এ তথ্য জানান।
এদিকে একই দিনে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরামকোর নিট মুনাফা ৪৪ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ রপ্তানি পথ ব্যাহত হওয়া এবং যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় কোম্পানিটির মুনাফা বেড়েছে।
আমিন নাসের বলেন, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন যুদ্ধ-পূর্ব সময়ের মাত্র এক-দশমাংশে নেমে এসেছে। তার সতর্কবার্তা, প্রণালিটি বন্ধ থাকলে প্রতি সপ্তাহে বিশ্ববাজারে ১০ কোটিরও বেশি ব্যারেল অপরিশোধিত তেলের সরবরাহ হারিয়ে যাবে।
তিনি আরও বলেন, যদি আজই হরমুজ প্রণালি পুরোপুরি চালু হয়, তাহলেও বিশ্ববাজারে তেলের মজুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রায় ১৮ মাস সময় লাগতে পারে।
নাসেরের মতে, বিশ্বে পরিশোধনাগারগুলোর সক্ষমতা ইতোমধ্যেই চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে কোনো বড় পরিশোধনাগারে অনাকাঙ্ক্ষিত বা দীর্ঘমেয়াদি উৎপাদন বন্ধের ঘটনা ঘটলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও গুরুতর সংকটে পড়তে পারে।
গত মাসে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা এবং ইরাকে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় সৌদি আরামকোর অবকাঠামোও লক্ষ্যবস্তু হয়েছিল।
তবে এসব ঝুঁকির মধ্যেও সৌদি আরামকো বিকল্প রপ্তানি পথ ব্যবহার অব্যাহত রাখবে বলে জানান আমিন নাসের। তার ভাষ্য, কোম্পানিটি হরমুজ প্রণালি, বাব আল-মান্দাব প্রণালি, সুয়েজ খাল এবং মিসরের সুমেদ পাইপলাইনসহ সব গুরুত্বপূর্ণ রপ্তানি রুট ব্যবহার করে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ সচল রাখার চেষ্টা করবে।





















