কুষ্টিয়া জেলা প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ৮:০১:৫৫ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে এক ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে শুঁটকি মাছ বোঝাই একটি ট্রাক নিয়ে রংপুর যাচ্ছিলেন ট্রাকের চালক আলমগীর হোসেন।
রাত দেড়টার দিকে ট্রাকটি শান্তিডাঙ্গা এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী ডাকাত ট্রাকটি থামিয়ে চালককে বেধড়ক মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তার কাছ থেকে নগদ ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং আরও টাকার দাবিতে তাকে পুনরায় মারপিট করা হয়।
চালকের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, ঘটনার পর তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
আহত আলমগীর হোসেন যশোর জেলার কেশবপুর উপজেলার মজিদপুর এলাকার সাহেব মোড়লের ছেলে। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।




















