অপরাধ

মান্দায় অনলাইন জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ১৫, উদ্ধার নগদ টাকা ও বিপুল সরঞ্জাম

  মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: ১৫ মে ২০২৬ , ৮:০৯:১০ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া চক্রের মূল হোতাসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ২১টি মোবাইল ফোন, ৫টি ল্যাপটপ, ১৬টি কম্পিউটার ও ১৬টি মনিটরসহ জুয়া পরিচালনার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে নওগাঁ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, অনলাইন জুয়া পরিচালনা, অবৈধ ডলার লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি পরিচালনা করা হয় উপজেলার বিজয়পুর তিনমাথার মোড় সংলগ্ন কাশোপাড়া এলাকার রুস্তম আলীর বাড়িতে। সেখানে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার মূল হোতা সোহেল হোসেন (২৪) এবং তার দুই সহযোগী রবিউল ইসলাম (১৯) ও সোহেল রানাকে (২০) গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাসা থেকে নগদ টাকা ও বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করা হয়।

এরপর শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার বনিহারী (দিনবনি হাড়িপাড়া) গ্রামে দ্বিতীয় অভিযান চালায় পুলিশ। ফজলুর রহমানের বাড়ির নিচতলায় পরিচালিত জুয়ার আসর থেকে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আল আমিন, আল মামুন, শাকিল বাবু, বদিউজ্জামান ওরফে বিপ্লব, শাফায়েত রাব্বি, আরিফ হোসেন, মুশফিকুর রেজা ওরফে রাতুল, রবিউল ইসলাম, নাইস বাবু, রোমান বাবু ওরফে রিয়ন, নাজমুল হোসেন ও শাফায়েত ওরফে আপন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া নিয়ে অনলাইন জুয়া ও ডলারের মাধ্যমে অবৈধ লেনদেন চালিয়ে আসছিল। এছাড়া স্থানীয় তরুণদের জুয়ার প্রতি আসক্ত করার পাশাপাশি সেখানে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওনের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। সমাজবিধ্বংসী এসব কর্মকাণ্ড নির্মূলে ভবিষ্যতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।”

আরও খবর

Sponsered content