নাহিদ মিয়া ২ সেপ্টেম্বর ২০২৫ , ৪:১৭:৫৯ প্রিন্ট সংস্করণ
ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়, বাজার বিশ্লেষণ, নেটওয়ার্ক তৈরি এবং নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিতব্য ১৪তম ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেসে (ডব্লিউসিসি) অংশ নিচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল।
আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল ইতোমধ্যে মেলবোর্নে পৌঁছেছে। এ দলের সদস্যদের মধ্যে রয়েছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সংগঠনের ভাইস প্রেসিডেন্ট একে আজাদ, সায়হাম কটন মিলসের এমডি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদসহ আরও কয়েকজন শীর্ষ ব্যবসায়ী নেতা।
এবারের কংগ্রেসে গ্রিন টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বিশেষ স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন। আয়োজকদের মতে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্যবসায়িক সক্ষমতাকে নতুনভাবে তুলে ধরবে এই অংশগ্রহণ।
২ সেপ্টেম্বর শুরু হওয়া কংগ্রেস চলবে বৃহস্পতিবার পর্যন্ত। প্রতি দুই বছর অন্তর এ আয়োজন করা হয়। বিশ্ব চেম্বার্স ফেডারেশন (ডব্লিউসিএফ) এবং ভিক্টোরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ভিসিসিআই) যৌথভাবে এ কংগ্রেস আয়োজন করছে। এতে বিশ্বের ১০০টিরও বেশি দেশের এক হাজারেরও বেশি ব্যবসায়ী, চেম্বার ও রাজনৈতিক নেতা অংশ নেবেন।
কংগ্রেসে গুরুত্ব পাচ্ছে ভূ-রাজনৈতিক পরিবর্তন, পরিচ্ছন্ন জ্বালানির রূপান্তর, ডিজিটাল নেতৃত্ব, জীবন বিজ্ঞান, কর্মসংস্থানের নতুন ধারা এবং বৈশ্বিক বাণিজ্যে স্থিতিস্থাপকতা।
কংগ্রেস শেষে প্রতিনিধিদল আইসিসি নিউজিল্যান্ড ও অকল্যান্ড চেম্বার অব কমার্স পরিদর্শন করবে। সেখানে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হবে। প্রতিনিধিদল আগামী ১০ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।














