নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ২১ ডিসেম্বর ২০২৫ , ৯:২৩:১৩ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। এবারের আসরের একটি গুরুত্বপূর্ণ পর্ব অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তাই আগের আসরগুলোর তুলনায় সিলেটে ক্রিকেটপ্রেমী দর্শকদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো।
সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে। তবে এবার কোনো অফলাইন টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়নি। দর্শকদের অনলাইনের মাধ্যমেই টিকিট সংগ্রহ করতে হবে। সিলেট পর্বের খেলা চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত।
আয়োজক সূত্র জানায়, সিলেটের মানুষ বরাবরই ক্রিকেটপ্রেমী হওয়ায় এবার মাঠে দর্শকদের উপস্থিতি আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। এই দামে শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারিতে বসে খেলা দেখা যাবে। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।
ক্লাব হাউজ (জিরো ওয়েস্ট জোন) ৬০০ টাকা, ক্লাব হাউজ (আপার) ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
টিকিট সংগ্রহ করতে দর্শকদের ভিজিট করতে হবে— www.gobcbticket.com.bd
ওয়েবসাইটে।




















