ধর্ম

প্রচণ্ড শীতে তায়াম্মুম করা যাবে?

  প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২৫ , ২:০০:১১ প্রিন্ট সংস্করণ

পানি না থাকলে অথবা পানি ব্যবহারে অক্ষম হলে ওজু ও গোসলের বিকল্প হিসেবে তায়াম্মুম করার অনুমতি দিয়েছে ইসলাম। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা যদি পীড়িত হও বা সফরে থাকো বা তোমাদের কেউ শৌচালয় থেকে আসে বা তোমরা স্ত্রীর সঙ্গে মিলিত হও এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে, অর্থাৎ তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করবে। আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, তিনি শুধু তোমাদের পবিত্র করতে এবং তোমাদের প্রতি তাঁর অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো’ (সুরা মায়েদা : ৬)।

পবিত্র কুরআনের এই আয়াত এবং তায়াম্মুম সম্পর্কে বর্ণিত একাধিক হাদিস থেকে ফকিহগণ কোন কোন অবস্থায় তায়াম্মুম করা যাবে, কোন কোন অবস্থায় যাবে না, তার বিস্তারিত সমাধান দিয়েছেন। তাই শীতকালে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে মারা যাওয়ার অথবা শরীরের কোনো অঙ্গ অকার্যকর হয়ে যাওয়ার কিংবা অসুখে আক্রান্ত হওয়ার বা অসুস্থ ব্যক্তির অসুখ ভালো হতে দেরি হওয়ার দৃঢ় বিশ্বাস বা প্রবল আশঙ্কা হয় এবং পানি গরম করার বা ঠান্ডা পানি ব্যবহার করার পর দ্রুত শরীর গরম করার কোনো ব্যবস্থাও না থাকে তা হলে তায়াম্মুম করা বৈধ। অন্যথায় ওজু-গোসল করা আবশ্যক। ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা না থাকলে নিছক ভয়ের কারণে তায়াম্মুম করা যাবে না। গরম পানির ব্যবস্থা থাকলে অথবা বদ্ধ ঘরে ওজু-গোসল করার সুযোগ হলে অথবা ওজু-গোসলের পর দ্রুত শরীর গরম করার ব্যবস্থা থাকলে তায়াম্মুম বৈধ নয় (আল বাহরুর রায়েক : ১/১৪৮; ফাতাওয়া হিন্দিয়া : ১/২৮)।

আমাদের দেশে যে মাত্রার শীত পড়ে তার প্রভাবে পানি এত বেশি ঠান্ডা হয় না। ফলে তা দিয়ে ওজু-গোসল করলে সাধারণত মৃত্যু বা অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে না। একটু কষ্ট হয়, এই যা। তবে এই কষ্টের কারণে আল্লাহ দ্বিগুণ সওয়াব দান করেন। রাসুল (সা.) বলেন, ‘প্রচণ্ড ঠান্ডার মৌসুমে যে পরিপূর্ণ ওজু করবে, তাকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে’ (মাজমাউজ জাওয়ায়িদ)। অন্য এক হাদিসে রাসুল (সা.) পাপ মোচনকারী এবং মর্যাদা বৃদ্ধিকারী আমল হিসেবে প্রতিকূল মৌসুমে পূর্ণরূপে ওজু করাকে তালিকাভুক্ত করেছেন (তিরমিজি)। তবে যারা অসুস্থ অথবা যাদের একান্তই খোলা আকাশের নিচে ওজু-গোসল করতে হয়, তাদের যদি ঠান্ডা পানি ব্যবহার করলে মরে যাওয়ার অথবা শরীরের কোনো অঙ্গ অকার্যকর হয়ে যাওয়ার কিংবা গুরুতর অসুস্থ হয়ে পড়ার বা অসুখ ভালো হতে বিলম্ব হওয়ার প্রবল আশঙ্কা হয় এবং পানি গরম করার বা ঠান্ডা পানি ব্যবহার করার পর দ্রুত শরীর গরম করার কোনো ব্যবস্থা না থাকে তা হলে তাদের জন্য তায়াম্মুম করা বৈধ।

আরও খবর

Sponsered content