সিলেট প্রতিনিধি ১ জুন ২০২৬ , ৬:৩৭:০২ প্রিন্ট সংস্করণ
নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর এখন পর্যটকদের পদচারণায় মুখর। স্বচ্ছ নীল জলরাশি, সাদা পাথরের বিস্তীর্ণ প্রান্তর এবং মেঘালয় পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা ছুটে আসছেন এখানে।
বিশেষ করে পবিত্র ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের উপস্থিতি কয়েকগুণ বেড়েছে। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে অনেকেই বেছে নিয়েছেন সাদাপাথরকে।
সিলেট শহর থেকে সহজ যোগাযোগ ব্যবস্থা এবং মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে সাদাপাথর নৌকা ঘাটে পৌঁছানো যায় বলে পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই পর্যটনকেন্দ্র।
ঈদের চতুর্থ দিনে সরেজমিনে দেখা যায়, সাদাপাথরে উপচে পড়া ভিড়। স্থানীয়দের দাবি, ছুটির দিনগুলোতে প্রতিদিন লক্ষাধিক পর্যটক এখানে ভ্রমণে আসছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, পর্যটকদের আগমনে তাদের ব্যবসা-বাণিজ্য জমে উঠেছে। এতে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও চাঙ্গা হয়ে উঠেছে।
গাজীপুর থেকে আসা এক নারী পর্যটক বলেন, “দূরপাল্লার ভ্রমণ করে সাদাপাথরে এসে প্রকৃতির সৌন্দর্য, সাদা পাথর আর স্বচ্ছ জলরাশির মেলবন্ধন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।”
আরেক পর্যটক বলেন, “সাদাপাথর যেমন সুন্দর, তেমনি পর্যটকদের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে নারী পর্যটকদের জন্য সুবিধা বৃদ্ধি, পর্যাপ্ত শৌচাগার, বিশ্রামাগার এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা দরকার।”
স্থানীয় সাংবাদিক মঈন উদ্দিন মিলন বলেন, “কোম্পানীগঞ্জ উপজেলায় উৎমাছড়া, তুরংছড়া ও সাদাপাথরসহ বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে। তবে জনপ্রিয়তার দিক থেকে সাদাপাথর সবার শীর্ষে। তাই এখানে নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা আরও জোরদার করা গেলে পর্যটকের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়বে।”
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) বলেন, “সাদাপাথরে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করছে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি।”
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিন মিয়া বলেন, “ঈদুল আজহাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পর্যটকের আগমনের বিষয়টি আগেই অনুমান করা হয়েছিল। তাই তাদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। সাদাপাথর নৌকা ঘাট থেকে মূল স্পট পর্যন্ত পর্যটকরা যেন নিরাপদে যাতায়াত করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”
প্রকৃতিপ্রেমীদের কাছে সাদাপাথর এখন এক অনন্য আকর্ষণের নাম। পাহাড়, পাথর আর স্বচ্ছ জলধারার অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্র প্রতিনিয়ত মুগ্ধ করছে হাজারো দর্শনার্থীকে।




















