জাতীয়

দেশে ফিরলেন তথ্য উপদেষ্টা, কিছু না বলেই বিমানবন্দর ত্যাগ

  প্রতিনিধি ১৫ জুন ২০২৬ , ১২:২৯:২১ প্রিন্ট সংস্করণ

ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘রহস্যজনক কারণে’ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন উপদেষ্টা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ডা. জাহেদ উর রহমান। কিন্তু গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলেই বিমানবন্দর ত্যাগ করেন তিনি।যদিও ভারতের দিল্লি বিমানবন্দরের ঘটনায় বক্তব্য জানতে আজ সকাল থেকে বিমানবন্দরের ভিআইপি গেটে অপেক্ষা করেছিলেন সাংবাদিকরা।

সরকারি সূত্রে জানা গেছে, দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে নিয়ে ঘটনার বিষয়ে বিস্তারিতভাবে খোঁজ নেওয়া হচ্ছে। সেখানে গতকাল রোববার ঠিক কী ঘটেছিল, তা বিস্তারিতভাবে জানার পর কী পদক্ষেপ নেওয়া হবে, সেটা ঠিক করা হবে।

আজ থেকে দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠক শুরু হওয়ার কথা। সেখানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশ নেওয়ার কথা ছিল।

জানা গেছে, রোববার বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাত্রা করেন ডা. জাহেদ উর রহমান। এয়ারপোর্টে নামার পরই তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন।

পরে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান এবং প্রটোকল বজায় রাখতে তা প্রত্যাখ্যান করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা আজ সকালে জানান, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ওই বৈঠকে উপদেষ্টার অংশ নেওয়ার বিষয়টি গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল। এর পাশাপাশি দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সফরের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেন।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকার একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিনিধির সফর নিয়ে আগেভাগে চিঠি দিয়ে ও ফোনে যোগাযোগের পর দিল্লির বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ ‘রহস্যজনক’।

আরও খবর

Sponsered content