সারাদেশ

রংপুরের গঙ্গাচড়ায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

  গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৮:৩১:৪৭ প্রিন্ট সংস্করণ

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় উপজেলার পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ভুটকা এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে সুলতান মিয়া ওরফে সাদ্দাম (৫৫) এবং বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে সাবেক ইউপি সদস্য আবুল হাসান ওরফে খোকন (৪৩)। সুলতান মিয়া গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের এবং আবুল হাসান বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গঙ্গাচড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে থেকে আবুল হাসান ওরফে খোকনকে গ্রেপ্তার করা হয়। গত ১০ নভেম্বর গঙ্গাচড়া থানায় করা একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে একই দিন সন্ধ্যায় গঙ্গাচড়া বাজারের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে সুলতান মিয়া ওরফে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর গঙ্গাচড়া থানায় করা একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, “পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

আরও খবর

Sponsered content