মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ২২ অক্টোবর ২০২৫ , ১২:০০:১৯ প্রিন্ট সংস্করণ
রাজশাহীর পুঠিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে প্রতিবেশীর দীর্ঘদিনের হয়রানিতে ভুক্তভোগী হয়েছেন সাংবাদিক মিজানুর রহমান ও তার পরিবার। ময়লা-আবর্জনা ফেলা, অশ্লীল গালাগালি ও প্রাণনাশের হুমকিসহ একাধিক ঘটনার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা আফরোজা খাতুন (৪৫) ও তার স্বামী বেলাল হোসেনের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবার জানায়, আফরোজা খাতুন নিয়মিতভাবে সাংবাদিক মিজানের বাড়ির সামনে ময়লা ফেলে দুর্গন্ধ সৃষ্টি করতেন। এতে বারবার নিষেধ করায় তিনি লাঠি হাতে হামলার চেষ্টা করেন এবং পরিবারের সদস্যদের অশালীন ভাষায় গালাগালি করেন।
এর আগেও মিজানুর রহমান তার বাড়ির জানালার পাশে ছাগল পালনের প্রতিবাদ করলে আফরোজার দুই ছেলে এসে তাকে প্রাণনাশের হুমকি দেয়।
সর্বশেষ গত সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে বিষয়টি নিয়ে আলাপ করতে গেলে আফরোজার স্বামী বেলাল হোসেন দেশীয় অস্ত্র নিয়ে মিজানুর রহমানের ওপর হামলার চেষ্টা করেন, বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
অভিযুক্ত আফরোজা খাতুন ও বেলাল হোসেনের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানান এবং পরে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে এই মহিলা এলাকাবাসীকে জিম্মি করে রেখেছেন। তিনি সকলের সঙ্গে অশালীন আচরণ করেন, কেউ প্রতিবাদ করলেই মিথ্যা মামলার ভয় দেখান। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, “সাংবাদিক মিজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




















